বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে দলটি। আগামী তিন দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি
ছবি: সংগৃহীত

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে দলটি। আগামী তিন দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের বৈঠকে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

তদন্ত কমিটিতে রয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ও নূরুল ইসলাম বুলবুল।

দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কিনা, তা কমিটি তদন্ত করে দেখবে। এ ব্যাপারে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ দেওয়া হয়।”

গত শনিবার পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহে রাষ্ট্রীয় সম্মান জানানো ও দাফনের সময় জামায়াতের নেতাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ করেন তাঁর স্বজনেরা। মানিক পশারী মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলা পুলিশের সহায়তায় মানিক পশারীর মরদেহ পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল ৫টার দিকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর নিরাপত্তার মধ্যে মরদেহ রাখা হয়।

পরে রাত ২টার দিকে পুলিশি পাহারায় নিজ গ্রামে মানিক পশারীকে দাফন করা হয়। তবে বাধার কারণে তাঁর নারী স্বজনদের কবর খুঁড়তে বাধ্য হতে হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।