বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

লিবিয়ার বন্দিশালা থেকে ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার বিভিন্ন বন্দিশালা থেকে আরও ১৭২ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তাঁদের বহনকারী একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রত্যাবাসিত ব্যক্তিদের মধ্যে ১৮ জন অসুস্থ।

লিবিয়ার বন্দিশালা থেকে ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার বিভিন্ন বন্দিশালা থেকে আরও ১৭২ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তাঁদের বহনকারী একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রত্যাবাসিত ব্যক্তিদের মধ্যে ১৮ জন অসুস্থ।

বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মিসরাতা শহর থেকে এই বাংলাদেশিদের প্রত্যাবাসন করা হয়েছে। তাঁরা লিবিয়ার বেসরকারি বিমান সংস্থা বুরাক এয়ারের একটি ফ্লাইটে দেশে ফিরছেন। ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতি থেকে তাঁরা স্বেচ্ছায় দেশে ফিরছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রত্যাবাসনের আগে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল হাবীব উল্লাহ মিসরাতা শহরে দেশে ফিরতে যাওয়া বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিদায়ের আগে আয়োজিত ব্রিফিংয়ে তিনি তাঁদের অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং এর শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন।

একই সঙ্গে মানবপাচারকারী ও দালাল চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ায় আটক থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বিপদগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে দূতাবাস কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে বেনগাজীর গানফুদা ও ত্রিপলীর তাজুরা বন্দিশালায় আটক বাংলাদেশিসহ অন্যান্য বিপদগ্রস্ত অভিবাসীদের দ্রুত দেশে ফেরাতে আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।

এর আগে গত মঙ্গলবার লিবিয়া থেকে আরও ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। তাঁরাও দেশটির বিভিন্ন বন্দিশালায় আটক ছিলেন।