বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির আভাস

টানা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার এই পূর্বাভাস অনুযায়ী, কিছু বিভাগে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকলেও ধীরে ধীরে সারাদেশে গরমের প্রভাব বাড়তে পারে।

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির আভাস

টানা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার এই পূর্বাভাস অনুযায়ী, কিছু বিভাগে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকলেও ধীরে ধীরে সারাদেশে গরমের প্রভাব বাড়তে পারে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় লঘুচাপের একটি বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর অঞ্চলে অবস্থান করছে।

পূর্বাভাসের প্রথম দিনে জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া রাজধানীতে বাতাসের দিক দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। সূর্যাস্ত নির্ধারিত হয়েছে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এবং সূর্যোদয় হবে পরদিন ভোর ৫টা ৩৫ মিনিটে।

শনিবারের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববারও আবহাওয়ার চিত্র প্রায় একই থাকবে। ওই দিনও কয়েকটি বিভাগে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না।

সোমবার থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে অধিদপ্তর। এদিন কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিন মঙ্গলবারেও ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও ঢাকা বিভাগের দু-এক স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে তাপমাত্রা আরও সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত কমে এলে দেশজুড়ে তাপমাত্রা আরও বাড়তে পারে।