রবিবার, 29 নভেম্বর 2026
সকল বিভাগ

ঢাকা ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ৩৯ পাইলট-কেবিন ক্রু

দুবাইয়ে আটকা পড়া ইউএস-বাংলার ৩৯ জন পাইলট ও কেবিন ক্রু নিরাপদে ঢাকা ফিরেছেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ হয়ে গেলে তারা গত ৪৮ ঘণ্টারও বেশি সময় দুবাই বিমানবন্দরে আটকা ছিলেন।

ঢাকা ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ৩৯ পাইলট-কেবিন ক্রু
ছবিঃ সংগৃহীত

দুবাইয়ে আটকা পড়া ইউএস-বাংলার ৩৯ জন পাইলট ও কেবিন ক্রু নিরাপদে ঢাকা ফিরেছেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ হয়ে গেলে তারা গত ৪৮ ঘণ্টারও বেশি সময় দুবাই বিমানবন্দরে আটকা ছিলেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের ফলে ওই অঞ্চলের আকাশপথ অত্যন্ত অস্থিতিশীল হয়ে ওঠে। ফলে দুবাই থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব ফ্লাইট চলাচল স্থগিত হয়ে যায়। এমন নাজুক পরিস্থিতিতে দুবাই বিমানবন্দরে ইউএস-বাংলার ৩৯ জন ক্রু আটকা পড়লে ঢাকা হেড অফিস ও দুবাই স্টেশন কর্তৃপক্ষ সম্মিলিতভাবে তাদের উদ্ধারের তৎপরতা শুরু করে।

দুবাই বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে একটি নিরাপদ করিডোর নিশ্চিত করার চেষ্টা চালায় সংস্থাটি। পরবর্তীতে স্বল্প সময়ের জন্য বিশেষ উড্ডয়ন অনুমতি পাওয়া গেলে কোনো যাত্রী ছাড়াই শুধুমাত্র আটকে পড়া ক্রুদের নিয়ে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। যুদ্ধকালীন এই বৈরী পরিস্থিতিতে দুবাই থেকে ছেড়ে আসা একমাত্র বাংলাদেশি ফ্লাইট ছিল এটি।

ক্যাপ্টেন সামসুজ্জাহান এবং ফার্স্ট অফিসার শাহাদাতের দক্ষ নেতৃত্বে ৩ মার্চ ভোরে বিশেষ এই ফ্লাইটটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চরম অনিশ্চয়তার মধ্যেও সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে নিজেদের কর্মীদের ফিরিয়ে আনার এই উদ্যোগটি বিশেষ নজর কেড়েছে।