রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নোঙর করে রাখা একটি রো-রো ফেরিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ৪ নম্বর ফেরিঘাটে অবস্থানরত ‘শাহ মখদুম’ নামের ফেরিটির ইঞ্জিন অংশে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ফেরিটিতে যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহন ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা ফেরির ইঞ্জিন অংশের সাইলেন্সারের পাইপ থেকে আগুন বের হতে দেখা যায়। শুরুতে পরিস্থিতি গুরুতর মনে না হলেও আগুন দীর্ঘক্ষণ জ্বলতে থাকায় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ফেরিতে থাকা যানবাহনগুলো পন্টুনে নামিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসেদ খান জানান, দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, “ফেরির একজস্ট পাইপে কার্বন বের হওয়ার সময় ধোঁয়া থেকে আগুনের সৃষ্টি হয়।” তিনি আরও জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে প্রতিদিন ১২ থেকে ১৫টি ফেরি চলাচল করে। তবে এ রুটে চলাচলকারী অধিকাংশ ফেরিরই ফিটনেস নেই বলে অভিযোগ রয়েছে, যা পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফেরি দিয়েই এই গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি সার্ভিস পরিচালনার চিত্র তুলে ধরে।