বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ ২ প্রবাসীর

প্রেমের মোহ এবং অনলাইন জুয়ার সর্বনাশা আসক্তি থেকে নিজেদের মুক্ত করার প্রত্যয়ে ওমানে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন নোয়াখালীর দুই প্রবাসী যুবক।

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ ২ প্রবাসীর
ছবি : সংগৃহীত

প্রেমের মোহ এবং অনলাইন জুয়ার সর্বনাশা আসক্তি থেকে নিজেদের মুক্ত করার প্রত্যয়ে ওমানে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন নোয়াখালীর দুই প্রবাসী যুবক।

জীবনের ভুল পথ থেকে ফিরে আসার অঙ্গীকার হিসেবে তারা ২০ লিটার দুধ দিয়ে গোসল করে প্রেম ও জুয়াকে চিরতরে বিদায় জানানোর শপথ নিয়েছেন। প্রবাসের মাটিতে ঘটে যাওয়া এই অভিনব ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা সম্পদ এবং সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দা সাকিব দীর্ঘদিন ধরে ওমানে শ্রমজীবী হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি ওমানে তাদের সহকর্মীদের উপস্থিতিতে তারা এই ব্যতিক্রমী স্নানের মাধ্যমে সমস্ত অপকর্ম থেকে দূরে থাকার প্রকাশ্য ঘোষণা দেন।

তাদের সঙ্গে একই কর্মস্থলে কর্মরত প্রবাসী ইউসুফ আলী জানান, সাকিব ও সম্পদসহ হাতিয়া অঞ্চলের বেশ কয়েকজন তরুণ ওমানে একই সঙ্গে কাজ এবং বসবাস করেন। তাদের মধ্যে সাকিব ও সম্পদ দীর্ঘদিন ধরে তাস খেলা, মুঠোফোনভিত্তিক জুয়া এবং অনলাইনের মাধ্যমে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে অর্থ অপচয় করছিলেন।

ইউসুফ আলীর দাবি, প্রবাসে হাড়ভাঙা খাটুনি দিয়ে উপার্জিত অর্থের একটি বড় অংশই তারা জুয়া এবং নারীদের পেছনে ব্যয় করে আসছিলেন। অথচ তাদের পরিবারের সদস্যরা চড়া সুদে ঋণ নিয়ে তাদের ওমানে পাঠিয়েছিলেন। জুয়া আর প্রেমের আসক্তির কারণে তারা নিয়মিত দেশে পরিবারের জন্য প্রয়োজনীয় টাকা-পয়সাও পাঠাতেন না। রুমমেট ও সহকর্মীরা বারবার বোঝানোর চেষ্টা করলেও তারা নিজেদের স্বভাব পরিবর্তন করতে পারছিলেন না।

সহকর্মীরা আরও জানান, সম্প্রতি একটি ঘটনায় তারা একসঙ্গে বিপুল অঙ্কের অর্থ অপচয় করে চরম সংকটে পড়েন। এরপর তাদের ভুল ভাঙলে অন্যান্য রুমমেটদের যৌথ উদ্যোগে এই অভিনব প্রায়শ্চিত্তের আয়োজন করা হয়। যেখানে ২০ লিটার দুধ দিয়ে তাদের গোসল করিয়ে ভবিষ্যৎ জীবনে আর কখনো প্রেম ও জুয়ায় না জড়ানোর শপথ করানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা গেছে, ওমানে তাদের আবাসস্থলের একটি কক্ষে বেশ কয়েকজন ব্যক্তি ওই দুই তরুণের মাথায় ও শরীরে পাত্র থেকে দুধ ঢেলে দিচ্ছেন। একই সঙ্গে দুই যুবক অত্যন্ত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর কখনো তাস, অনলাইন জুয়া বা প্রেমের সম্পর্কে না জড়ানোর স্পষ্ট অঙ্গীকার করছেন। এ সময় সেখানে উপস্থিত অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা তাদের এই শুভবুদ্ধির উদয়কে স্বাগত জানান এবং নতুন জীবনের জন্য শুভকামনা প্রকাশ করেন।

এই অভিনব শপথ প্রসঙ্গে ভুক্তভোগী প্রবাসী সাকিব ও সম্পদ জানান, অতীতে তারা মোহের বশে যে কাজগুলো করেছেন, সেগুলো যে মস্ত বড় ভুল ছিল তা তারা এখন অনুধাবন করতে পারছেন। সেই তীব্র অনুশোচনা ও মানসিক আত্মশুদ্ধি থেকেই তারা এই দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন এবং নতুনভাবে সৎ পথে জীবন শুরু করার প্রতিজ্ঞা করেন। ভবিষ্যতে তারা জুয়া কিংবা এই ধরনের কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর পা বাড়াবেন না উল্লেখ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।