চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই গাড়িচালকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত ওই দুই কর্মচারীকে সাগরিকা শাখা থেকে প্রত্যাহার করে দামপাড়া পুলে সংযুক্ত করা হয়েছে। চসিকের সচিবালয় বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা পৃথক দুটি দাপ্তরিক আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরবর্তীতে নিশ্চিত করেছে সংস্থাটি।
চসিকের দায়িত্বশীল সূত্রের বরাতে জানা যায়, চালক মো. শাহ আলম ও আব্দুল মাবুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে চসিক মেয়র তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। মেয়রের এই আদেশের প্রেক্ষিতে অঞ্চল-০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাকে বিস্তারিত অনুসন্ধান শেষ করে সচিব বরাবর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে একই সময়ে প্রশাসনের অন্য এক আদেশে জানানো হয়, যান্ত্রিক শাখার অভিযুক্ত এই দুই চালককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে দামপাড়া পুলে সংযুক্ত করা হয়েছে। তবে এই সময়ে তারা আগের নিয়মেই বেতন-ভাতা পাবেন। আগামী ১৯ জুলাইয়ের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে চসিক কর্তৃপক্ষ।