রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

'এবারের ঈদযাত্রা যেকোনো ঈদযাত্রার চাইতে ভালো হবে'

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, “পবিত্র ঈদুল ফিতরে নদীপথে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমার বিশ্বাস, এবারের ঈদযাত্রা যেকোনো ঈদযাত্রার চাইতে ভালো হবে।” সোমবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

'এবারের ঈদযাত্রা যেকোনো ঈদযাত্রার চাইতে ভালো হবে'
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিলাল পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, “পবিত্র ঈদুল ফিতরে নদীপথে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমার বিশ্বাস, এবারের ঈদযাত্রা যেকোনো ঈদযাত্রার চাইতে ভালো হবে।” সোমবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, “ঈদযাত্রায় যাত্রীদের সেবা দিতে হবে। ঈদযাত্রা যাতে নিরাপদ, স্বস্তির ও আরামদায়ক হয়, সে জন্য গত ১৫ দিন ধরে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছি। তা ঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা দেখতে এসেছি। আমরা চাই, যাত্রীরা নির্বিঘ্নে এবং স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন। ঢাকায় ফেরার পথেও যেন কোনো ভোগান্তি না হয়, সেই লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের ঈদযাত্রায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো বড় কোনো চ্যালেঞ্জ নেই।”


বিনামূল্যে ট্রলি ও হুইলচেয়ার সেবা চালু

দুপুর ৩টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের সুবিধার জন্য বিনামূল্যে ট্রলি ও হুইলচেয়ার সেবা উদ্বোধন করেন মন্ত্রী। এরপর তিনি নৌযান কর্মী ও ঘাট শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঈদসামগ্রী বিতরণ করেন।

মন্ত্রী বলেন, “শ্রমিকদের শ্রম ও অবদান ছাড়া কোনো জাতি সফল হতে পারে না। আত্মমর্যাদা পায় না এবং শক্তিশালী হয় না। যে জাতি শক্তিশালী হয়েছে, সে জাতির শ্রমিকেরা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।” তিনি আরও অনুরোধ করেন, “আমাদের দেশের জনগণ, পরিবার ও প্রতিবেশী এই ঘাট ব্যবহার করে গ্রামের বাড়ি ফিরবেন। আপনারা তাঁদের সহযোগিতা ও সেবা দেবেন। সেবার মনোভাব নিয়ে কাজ করলে সদরঘাটে আসা মানুষ আপনাদের জন্য দোয়া করবেন। ঈদযাত্রায় কোনো যাত্রী যাতে হয়রানির শিকার না হয়, সেই দিকেও খেয়াল রাখবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী এবং অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা প্রমুখ।