ফরিদপুরে মাঠে বেঁধে রাখা গরু বাড়িতে আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে আজহারুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আজহারুল ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকায় অবস্থিত ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজহারুল ইসলাম দুপুরের দিকে আকাশে মেঘ দেখে বৃষ্টি হওয়ার আশঙ্কায় মাঠ থেকে নিজের গবাদিপশুটি ফিরিয়ে আনতে গিয়েছিলেন। সেই সময় হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হলে তিনি এর আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান। তার সহকর্মী কাওসার হোসেন সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।