সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ কর্মসূচির আওতায় আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিকভাবে আরও সক্ষম করে তুলতে সরকার ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’কে একটি সিগনেচার প্রোগ্রাম হিসেবে গ্রহণ করেছে। তিনি জানান, সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এই কর্মসূচির আওতায় পরিবারের প্রধান নারী সদস্য প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, ইতোমধ্যে কর্মসূচিটির পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে আসন্ন বাজেটে ৪১ লাখ নারীর জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।