ইরানে সরকারবিরোধী আন্দোলনের তৃতীয় দিনে আজ শনিবার (১০ জানুয়ারি) রাতে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে আবারও রাজপথে নেমেছেন বিক্ষোভকারীরা। টানা দুই রাত উত্তপ্ত থাকার পর আজ রাত থেকে নতুন করে জমায়েত শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
লন্ডনভিত্তিক ইরানবিরোধী সংবাদমাধ্যম 'ইরান ইন্টারন্যাশনাল'-এর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, তেহরানের হেরাভি এলাকায় কয়েকশ মানুষ সমবেত হয়ে সরকারবিরোধী বিক্ষোভ করছেন। এছাড়া তেহরানের পূর্বাঞ্চলীয় চিতগার এলাকাতেও বড় ধরনের জমায়েত লক্ষ্য করা গেছে।
বিক্ষোভকারীদের কণ্ঠে এবার ভিন্নধর্মী ও তাৎপর্যপূর্ণ স্লোগান শোনা যাচ্ছে। তারা নির্বাসিত শাহ রাজতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করছেন। বিশেষ করে ‘গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য’— এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে তেহরানের রাজপথ।
বিক্ষোভকারীদের দাবি, ইরান সরকার ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রতি বছর কোটি কোটি ডলারের সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে। এই সহায়তার ফলে দেশের সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ বাড়ছে এবং অভ্যন্তরীণ সংকট ঘনীভূত হচ্ছে। বিক্ষোভকারীরা এই বহিঃস্থ সহায়তা বন্ধ করে আগে দেশের নড়বড়ে অর্থনীতি সংস্কারের ওপর জোর দেওয়ার দাবি জানাচ্ছেন।
ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই নতুন করে দানা বাঁধা বিক্ষোভ দমনে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।