গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (১৯ জানুয়ারি) ইসরায়েলি সংসদ নেসেটে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “গাজায় তুরস্ক অথবা কাতারের কোনো সেনার স্থান হবে না।” তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক বাহিনীতে কোন কোন দেশের সেনা থাকবে তা এখনো চূড়ান্ত হয়নি।
নেতানিয়াহু জানান, গাজায় এই ধাপের মূল লক্ষ্য হলো হামাসকে নিরস্ত্র করা এবং উপত্যকাটিকে সামরিকভাবে নিরস্ত্র অঞ্চল হিসেবে গড়ে তোলা।
গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এই বাহিনীর মূল দায়িত্ব হবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামাসের পরিবর্তে নতুন প্রশিক্ষিত পুলিশ বাহিনী গঠনের মাধ্যমে সুরক্ষা ব্যবস্থা কার্যকর করা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আন্তর্জাতিক বাহিনীর প্রধান হিসেবে মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল জাসপার জেফার্সকে নিয়োগ দিয়েছেন।