রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে প্যারিসে র‍্যালি-সমাবেশ

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা বন্ধের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গাজায় যুদ্ধবিরতির দাবিতে প্যারিসে র‍্যালি-সমাবেশ
ছবিঃ সংগৃহীত

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা বন্ধের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৮ মার্চ দুপুরে দেশটির দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই গণমিছিলে মানবাধিকার সংগঠন, শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্যারিসের ঐতিহাসিক প্লাস দ্য লা বাস্তিল এলাকা থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে বিশাল র‍্যালিতে রূপ নেয়। মিছিলে অংশগ্রহণকারীরা গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধ এবং ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। রাজপথজুড়ে তখন "গাজায় গণহত্যা বন্ধ করো" স্লোগান প্রতিধ্বনিত হতে থাকে।

বিক্ষোভ সমাবেশে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফ্রান্সের স্বেচ্ছাসেবীরা তাদের ঐতিহ্যবাহী হলুদ জ্যাকেট ও ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন। এছাড়া ফ্রান্স-প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশন, বিভিন্ন শিক্ষক ও জনসেবামূলক সংগঠন, বামপন্থী রাজনৈতিক দলসমূহ, ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টি এবং ফরাসি-ইহুদি শান্তি সমর্থক গোষ্ঠীগুলো এই সংহতি সমাবেশে একাত্মতা প্রকাশ করে। বয়কট-ডিভেস্টমেন্ট-স্যানকশন (বিডিএস) সমর্থক সংগঠনের কর্মীরাও সেখানে সক্রিয় ছিলেন।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা এবং অবরুদ্ধ জনপদে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম করার জোর দাবি জানান। একইসাথে আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনি নাগরিকদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত ‘প্যালেস্টাইন সংহতি’ এবং ঐতিহাসিক ‘জমিন দিবস’ উপলক্ষে এই বিশেষ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। বিশ্লেষকদের মতে, প্যারিসের এই বিশাল জমায়েত গাজা ইস্যুতে ফরাসি জনগণের ক্রমবর্ধমান সংহতি ও আন্তর্জাতিক জনমতের এক শক্তিশালী প্রতিফলন।