ঢাকার বনানী থানাধীন চেয়ারম্যান বাড়ী মোড় সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে মাসুদ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা তাদের সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করলে বিমানবন্দর-মহাখালী রুটের আউটগোইং লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গুলশান ট্রাফিক জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিকু বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রাফিক পুলিশ জানায়, এই রুট ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া তারা আরও সতর্ক করে বলেন, প্রয়োজনে হাতে বাড়তি সময় নিয়ে বের হওয়ার ব্যবস্থা রাখা উচিত।