বিশ্বব্যাপী প্রতারণা ও জালিয়াতি মোকাবিলার কৌশল নিয়ে আন্তর্জাতিক আলোচনায় অংশ নিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) এবং ইন্টারপোলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এ তিনি অংশ নেবেন।
রোববার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সাল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ও ১৭ মার্চ ভিয়েনা আন্তর্জাতিক কেন্দ্রে দুই দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হবে। এতে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্মেলনের উদ্বোধনী ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চ পর্যায়ের একটি রাউন্ড টেবিল বৈঠকে যোগ দেবেন। একই সঙ্গে ‘জালিয়াতি মোকাবিলায় জাতীয় প্রতিশ্রুতি’ শীর্ষক বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
এ ছাড়া সম্মেলনের সাইডলাইন বৈঠকের অংশ হিসেবে ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ১৫ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ইটি-৬৭৯ ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের টিকে-৭১২ ফ্লাইটে ঢাকায় ফিরবেন।