গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নবনিযুক্ত প্রেস সচিব এ এ এম সালেহ, যিনি সালেহ শিবলী নামেই পরিচিত।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
সালেহ শিবলী বলেন, ‘আমরা যদি বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই এবং জনগণের ভাষা বুঝে গন্তব্যে পৌঁছাতে চাই, তবে দায়িত্বশীল ও স্বাধীন সংবাদমাধ্যম একান্ত প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করেছেন, তার জন্য জনগণের ভোটে নির্বাচিত ও দায়বদ্ধ সরকার প্রয়োজন। আর সেই জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে গণমাধ্যমকে দায়িত্বশীল ও স্বাধীনভাবে কাজ করতে হবে।’
নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের কর্মপরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘দলের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তার মাধ্যমে সংবাদমাধ্যমের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগ রক্ষা করতে চাই। এজন্য সবার সহযোগিতা দরকার।’
এর আগে শনিবার দুপুরে বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ এ এম সালেহ (সালেহ শিবলী) কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।