রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। একই সঙ্গে তিনি সরকারকে জনগণের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
বরিশালে সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। একই সঙ্গে তিনি সরকারকে জনগণের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরের বান্দর রোডের কে বি হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, “আমরা নতুন শাসনব্যবস্থা চাই, গণভোটের রায়ের বাস্তবায়ন চাই। মেকানিজমের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তারা (বিএনপি) গণভোটের রায় ভুলে গেছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে এই সরকারকে জনগণ সরকার হিসেবে মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে প্রতারণা করলে তার পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। আপনারা ফ্যাসিবাদের পথে হাঁটছেন, যা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “ভুল পথ থেকে ফিরে এসে গণভোটের রায় বাস্তবায়ন করুন। ২৫ জুলাই সিলেটের সমাবেশের আগেই এ দাবি মেনে নিন, অন্যথায় ঢাকায় মহাসমাবেশের জন্য প্রস্তুত থাকুন।”

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, “তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। মানুষের হাতে ফ্যামিলি কার্ড ধরিয়ে দিয়ে দায় এড়ানো যাবে না। প্রয়োজন হলে হাতে চিড়া-মুড়ি নিয়ে আবারও অধিকার আদায়ের আন্দোলনে নামতে হবে।”

দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, “ভোলাবাসীর ন্যায্য দাবি সেতু নির্মাণ ও দক্ষিণাঞ্চলে রেললাইন স্থাপন করতে হবে। বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়। যেখানে বৈষম্য থাকবে, সেখানেই আমরা সোচ্চার হব।”

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে আবারও গণ–অভ্যুত্থানের মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

তিনি বলেন, “মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এখনো হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় এমন কর্মসূচি দেওয়া হবে।”

সংবিধান সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “সংবিধান সংস্কারের নামে কোনো প্রহসন মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে নতুন সংবিধান প্রণয়ন ও নতুন গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।”

এদিকে, আওয়ামী লীগ প্রসঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ বলেন, “আওয়ামী লীগ স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না।”

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির মহাসচিব আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য মাহমুদা আলম মিতু।