রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুর এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শাহজাদপুর প্রধান সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীর দেহটি উদ্ধার করা হয়।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) অনিন্দ্য তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে ভোরের দিকে কোনো একটি দ্রুতগামী গাড়ির চাপায় ওই নারী প্রাণ হারিয়েছেন। তবে দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, স্থানীয়দের তথ্যমতে নিহত ওই নারীকে প্রায়ই এলাকায় ভিক্ষা করতে দেখা যেত। দুর্ঘটনার সময় তাঁর পরনে ছিল লাল রঙের প্রিন্টের শাড়ি। সিআইডির ক্রাইমসিন ইউনিট আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চালালেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দায়ী গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। নিহতের সঠিক পরিচয় জানার জন্য কাজ করছে পুলিশ।