শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

হাসপাতালে ৩ মাসের শিশুকে রেখে উধাও অভিভাবক

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অমানবিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জ্বর এবং খিঁচুনি নিয়ে হাসপাতালে আসা তিন মাস বয়সী এক কন্যা শিশুকে ফেলে রেখে লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন তার অভিভাবকরা।

হাসপাতালে ৩ মাসের শিশুকে রেখে উধাও অভিভাবক
ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অমানবিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জ্বর এবং খিঁচুনি নিয়ে হাসপাতালে আসা তিন মাস বয়সী এক কন্যা শিশুকে ফেলে রেখে লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন তার অভিভাবকরা।

ঘটনার একদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত শিশুটির প্রকৃত কোনো অভিভাবক বা আত্মীয়-স্বজনের পরিচয় মেলেনি। বর্তমানে নিষ্পাপ এই শিশুটি হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের নিবিড় মমতায় চিকিৎসাধীন রয়েছে।

শনিবার বিকেলে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাকলুকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকেলে শিশু ওয়ার্ডের সেফ কর্নারে একা পড়ে থাকতে দেখা যায় শিশুটিকে। দীর্ঘসময় অতিক্রান্ত হওয়ার পরও কেউ শিশুটির কাছে না আসায় হাসপাতালজুড়ে অনুসন্ধান চালানো হয়। কিন্তু সম্ভাব্য কোনো অভিভাবককে খুঁজে না পেয়ে চিকিৎসকরা তাৎক্ষণিক শিশুটির জরুরি চিকিৎসা কার্যক্রম শুরু করেন।

চিকিৎসক সূত্রে আরও জানা গেছে, নিবিড় পর্যবেক্ষণে রাখার ফলে শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরকে অবহিত করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত রহস্যময় এই অন্তর্ধানের কোনো কূলকিনারা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, সংবাদ পাওয়ামাত্রই শিশুটির সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নিজে শিশুটিকে দেখতে যাওয়ার পরিকল্পনা করেছেন। তিনি আরও যোগ করেন, শিশুটি পূর্ণ সুস্থ হয়ে ওঠা পর্যন্ত যথাযথ তত্ত্বাবধানে থাকবে। এর মধ্যে যদি পরিবারের সন্ধান পাওয়া না যায়, তবে প্রচলিত আইন ও নিয়ম অনুযায়ী শিশুটির পরবর্তী আবাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।