নওগাঁয় জোনায়েদ হোসেন (৩৭) নামে ঢাকা কাস্টম হাউসের এক সহকারী রাজস্ব কর্মকর্তার (এআরও) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোর ৫টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার দেহ ফেলে রেখে পালিয়ে যায়। নিহত জোনায়েদ পিরোজপুরের স্বরূপকাঠি এলাকার বাসিন্দা। তার স্ত্রী নাঈমা নার্গিস নওগাঁর মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর সরকারি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোরে একটি পিকআপ ভ্যানে করে আসা কিছু ব্যক্তি জোনায়েদের নিথর দেহটি জরুরি বিভাগের সামনে ফেলে দ্রুত চলে যায়। পরে হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু জার গাফফার জানান, মরদেহের বুক ও দুই পায়ের হাড় বিভিন্ন স্থানে ভাঙা ছিল। জখমের ধরণ দেখে প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা মনে হলেও ময়নাতদন্তের আগে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
পারিবারিক তথ্যানুযায়ী, স্ত্রী ও দুই বছর বয়সী কন্যাসন্তানের সঙ্গে দেখা করতে ঢাকা থেকে আসছিলেন জোনায়েদ। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামেন। ওই সময় স্ত্রীর সঙ্গে তার শেষবার ফোনে কথা হয়। এরপর থেকে বারবার চেষ্টা করেও তাকে আর ফোনে পাওয়া যায়নি। ভোরে ফোন রিসিভ হলে পুলিশের পক্ষ থেকে তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল ইসলাম জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এটি নিছক সড়ক দুর্ঘটনা নাকি তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন, তা তদন্তের পর পরিষ্কার হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।