হরমুজ প্রণালীতে নৌচলাচলের নিয়ম লঙ্ঘনের অভিযোগে দুইটি ইসরায়েলি জাহাজ জব্দ করার দাবি করেছে ইরান। আটক জাহাজ দুটি পরে দেশটির আঞ্চলিক জলসীমায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাতে এ তথ্য প্রকাশ করেছে প্রেস টিভি।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, জব্দ করা জাহাজ দুটি হলো এমএসসি ফ্রান্সিসকা এবং ইপামিনোদেস, যেগুলো ইসরায়েলি পরিবহন কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। সংস্থাটির অভিযোগ, জাহাজ দুটি অনুমোদন ছাড়া চলাচল করছিল এবং বারবার নৌচলাচল বিধি লঙ্ঘন করছিল।
এছাড়া নেভিগেশন সহায়ক ব্যবস্থায় কারচুপি করে গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা হচ্ছিল বলেও দাবি করেছে আইআরজিসি। তাদের মতে, এটি সামুদ্রিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজ দুটি শনাক্ত করে আটক করা হয় এবং পরে সেগুলোকে ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে গিয়ে পণ্য ও নথিপত্র পরীক্ষা করা হচ্ছে।
আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের ঘোষিত নিয়ম লঙ্ঘনের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।