ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি বেসামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় আটজন আরোহী প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার সকালে মেলাউই জেলায় উড্ডয়নের কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর ও উদ্ধারকারী সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে সব আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
উদ্ধার অভিযানের প্রধান মোহাম্মদ সায়াফি সংবাদমাধ্যমকে জানান, বিধ্বস্ত বিমানটি একটি স্থানীয় বেসরকারি সংস্থার মালিকানাধীন ‘এয়ারবাস এইচ১৩০’ মডেলের হেলিকপ্টার। বৃহস্পতিবার সকালে একটি পাম বাগান থেকে ওড়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে তল্লাশি শুরু করে উদ্ধারকারী দল।
দীর্ঘ অনুসন্ধানের পর পার্শ্ববর্তী সেকাদাও জেলার অন্তর্গত একটি গভীর অরণ্য ও খাড়া পাহাড় ঘেরা দুর্গম এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। প্রতিকূল আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থানের কারণে উদ্ধারকারীদের ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। মোহাম্মদ সায়াফি আরও জানান, হেলিকপ্টারটিতে দুইজন ক্রু এবং ছয়জন যাত্রী ছিলেন। ঘটনাস্থল থেকে সবার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন মালয়েশীয় নাগরিকও রয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, হেলিকপ্টারটির লেজের অংশটি মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক কিলোমিটার দূরে ছিটকে পড়েছে। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এমনটি ঘটেছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। বর্তমানে নিহতদের মরদেহগুলো শনাক্তকরণ ও হস্তান্তরের প্রক্রিয়া চলছে।