ইরান কখনো পারমাণবিক শক্তির সাহায্যে গণবিধ্বংসী অস্ত্র বা বোমা তৈরি করবে না বলে ওয়াশিংটনকে সুনির্দিষ্ট আশ্বাস দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শনিবার তাঁর পুত্রবধূ লারা ট্রাম্পের সঞ্চালিত একটি পডকাস্ট অনুষ্ঠানে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এরিক ট্রাম্পের স্ত্রী লারার নেওয়া ওই সাক্ষাৎকারটি আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স নিউজে প্রচার করা হয়।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, তেহরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে একটি স্পষ্ট ও লিখিত গ্যারান্টি চাওয়া হয়েছিল, যার জবাবে তারা ইতিবাচক সাড়া দিয়েছে এবং এই শর্তে সম্মত হয়েছে।
অবশ্য মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটন কর্তৃক অবরুদ্ধ করে রাখা তাদের ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের তহবিল অবমুক্ত না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আনুষ্ঠানিক সংলাপে বসার প্রশ্নই ওঠে না।
ইরানের কূটনৈতিক সূত্রগুলো আরও স্পষ্ট করেছে যে, তাদের কাছে থাকা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করার বিষয়ে ট্রাম্প যে দাবি করেছেন, তার কোনো সত্যতা নেই এবং এটি সম্পূর্ণ কাল্পনিক।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে গত প্রায় বিশ বছর ধরে দেশ দুটির মধ্যে চরম বৈরী সম্পর্ক ও উত্তেজনা বিরাজ করছে। ওয়াশিংটনের দাবি, ইরান বেসামরিক ও শান্তিপূর্ণ ব্যবহারের আড়ালে মূলত পারমাণবিক বোমা তৈরির গোপন চেষ্টা চালাচ্ছে, যদিও তেহরান শুরু থেকেই পশ্চিমাদের এমন অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে আসছে।