শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

‘ইরান ভেনেজুয়েলা নয়’

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সরাসরি ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, এ অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা মেনে নেওয়া হবে না।

‘ইরান ভেনেজুয়েলা নয়’
খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সরাসরি ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, এ অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা মেনে নেওয়া হবে না।

তেহরান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি এই বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, “পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ইরান ও এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত অঞ্চল। এখানে আমেরিকার কোনো মতামত দেওয়ার অধিকার নেই।”

বর্তমান মধ্যপ্রাচ্য সংকটে হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে আন্তর্জাতিক গুরুত্ব পেয়েছে। বিশ্বে ব্যবহৃত তেলের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় এখানে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব পড়ে।

জেনারেল আসাদি অভিযোগ করেন, “শত্রুপক্ষ হরমুজ প্রণালিতে নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে চাইছে, তবে তা সফল হবে না।”

তিনি আরও বলেন, মার্কিন নেতৃত্বের ‘দাদাগিরি’ আচরণ তাদের নিজেদের জনগণের জন্য লজ্জাজনক এবং আঞ্চলিক বিষয়গুলো “সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কহীন”।

ওয়াশিংটনের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সম্পদ, বিশেষ করে তেল নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তার ভাষায়, “আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি—এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।”

শেষে তিনি জোর দিয়ে বলেন, “ইরান ও তার জনগণ এমন যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”