ইরানকে কেন্দ্র করে বিরাজমান অস্থিরতা দ্রুত নিরসনের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তার চড়া মূল্য দিতে হবে পুরো বিশ্বকে। চলমান এই সংঘাতের নেতিবাচক প্রভাব থেকে কোনো পক্ষই রেহাই পাবে না বলে মন্তব্য করেন তিনি।
মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতা বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে। পরিস্থিতি আরও জটিল হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সংকট সমাধানে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে পুতিন জানান, ইরান যাতে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিরাপদ রাখতে পারে, সেজন্য রাশিয়া সেটি নিজেদের ভূখণ্ডে স্থানান্তর ও সংরক্ষণে প্রস্তুত রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০১৫ সালেও রাশিয়া সফলভাবে ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটাতে মস্কো আগ্রহী বলে তিনি জানান।
ইউরেনিয়াম স্থানান্তরের বিষয়ে অতীতে সব পক্ষ একমত হলেও পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের অনড় অবস্থানের কারণে বিষয়টি জটিল হয়ে পড়ে। পুতিন জানান, ওয়াশিংটন চেয়েছিল ইউরেনিয়াম কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে নেওয়া হোক, যার ফলে তেহরানও তাদের অবস্থানে কঠোর হয়। বিদ্যমান এই অচলাবস্থা কাটাতে রাশিয়া বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে। দ্রুততম সময়ের মধ্যে এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান আসবে বলে রাশিয়ার রাষ্ট্রপ্রধান আশা ব্যক্ত করেন।