ইরানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ‘অপদস্থ অবস্থায়’ রয়েছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য ওয়াশিংটনের সামনে কোনো সুস্পষ্ট পথ নেই, বরং তেহরান ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্তিশালী করছে।
সোমবার জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ম্যার্ৎসের ভাষায়, ‘এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি গভীর কৌশলগত জটিলতা সামনে এনেছে।’
অতীতের সামরিক অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি বলেন, কোনো সংঘাতে শুধু প্রবেশ করাই যথেষ্ট নয়, সেখান থেকে বের হওয়ার পরিকল্পনাও থাকতে হয়। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি এই ধরনের জটিলতার দিকটি তুলে ধরেন।
চ্যান্সেলর আরও বলেন, ইরানি কর্মকর্তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কূটনৈতিক আলোচনায় অংশ নিচ্ছেন এবং প্রত্যাশার তুলনায় তারা অনেক বেশি শক্তিশালী অবস্থান দেখাচ্ছেন। তিনি মন্তব্য করেন, বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নেতৃত্বে ইরান একটি পুরো জাতিকে (যুক্তরাষ্ট্র) অপমান করছে।
সংঘাতের দ্রুত সমাপ্তির আহ্বান জানিয়ে ম্যার্ৎস বলেন, এই পরিস্থিতির প্রভাব ইতোমধ্যে জার্মান অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। তিনি জানান, প্রয়োজন হলে বার্লিন হরমুজ প্রণালিতে মাইন অপসারণকারী জাহাজ পাঠাতে প্রস্তুত রয়েছে, তবে তা নির্ভর করছে সংঘাতের অবসানের ওপর।