বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরানের একটি বড় গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলা এবং এর প্রতিশোধ হিসেবে কাতারের রাস লাফানে ইরানি আক্রমণের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দীর্ঘ ও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের একটি বড় গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ছবিঃ সংগৃহীত

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলা এবং এর প্রতিশোধ হিসেবে কাতারের রাস লাফানে ইরানি আক্রমণের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দীর্ঘ ও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার রাতের ওই পোস্টে তিনি স্পষ্ট করে বলেছেন, বিশ্বের বৃহত্তম এলএনজি প্রক্রিয়াকরণ কেন্দ্র রাস লাফানে ইরানের হামলা ছিল সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক।

ট্রাম্প তার বার্তায় দাবি করেন, ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলের চালানো নির্দিষ্ট ওই অভিযান সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানত না। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিক্রিয়ায় ইসরায়েল অত্যন্ত হিংস্রভাবে পাল্টা আঘাত হেনেছে। তবে এই পুরো প্রক্রিয়ার সঙ্গে কাতার কোনোভাবেই জড়িত ছিল না এবং এমন কিছু ঘটতে যাচ্ছে সে বিষয়েও দেশটির কোনো ধারণা ছিল না বলে তিনি জানান।

ইরানকে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বড় হাতের অক্ষরে লিখেছেন যে, ইসরায়েল ভবিষ্যতে আর ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে কোনো হামলা চালাবে না, যদি না ইরান নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে অন্য কোনো নিরীহ রাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানায়। তিনি হুঁশিয়ারি দেন যে, যদি ইরান পুনরায় কাতারে আক্রমণের চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র তার পূর্ণ শক্তি ও সামর্থ্য ব্যবহার করে সমগ্র সাউথ পার্স গ্যাসক্ষেত্রটি মাটির সঙ্গে মিশিয়ে দেবে। ট্রাম্পের ভাষায়, এটি হবে এমন এক ধ্বংসযজ্ঞ যা ইরান আগে কখনো প্রত্যক্ষ করেনি।

ইরানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি এখনই বড় ধরনের কোনো চূড়ান্ত হামলার অনুমতি দিতে আগ্রহী নন বলে জানান। তবে কাতারের মতো বন্ধুপ্রতিম রাষ্ট্রে পুনরায় আঘাত করা হলে অত্যন্ত কঠোর ও দ্রুত জবাব দিতে মার্কিন প্রশাসন বিন্দুমাত্র দ্বিধা করবে না বলে তিনি তার পোস্টে কঠোর বার্তা দিয়েছেন।