ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফার একটি আবাসিক এলাকায় ইরান থেকে ছোঁড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে।
রোববার (৫ এপ্রিল) বিকালের এই হামলায় এখন পর্যন্ত ২ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও ২ জন নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এবং ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের বরাতে জানা গেছে, হাইফার একটি পাঁচতলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত করলে ভবনটির একাংশ ধসে পড়ে। এতে অন্তত ১১ জন বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
আহতদের দ্রুত উদ্ধার করে ইসরায়েলের সরকারি জরুরি চিকিৎসা সেবা সংস্থা 'মাগেন ডেভিড অ্যাডম' (এমডিএ)-এর হাইফা শাখায় ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া চারজনের সন্ধানে রোববার সারারাত উদ্ধার তৎপরতা চালানো হয়। উদ্ধারকর্মীরা সেখান থেকে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। বাকি দুই নিখোঁজ ব্যক্তির সন্ধানে এখনও তল্লাশি অব্যাহত রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত এই ক্ষেপণাস্ত্রটি ছিল অত্যন্ত বিধ্বংসী, যার ওয়ারহেড বা বিস্ফোরক অংশের ওজন ছিল প্রায় ৪৫০ কেজি। বিশাল ওজনের এই ওয়ারহেডটির আঘাতেই আবাসিক ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জনবহুল এলাকায় এমন ভয়াবহ হামলার ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এবং নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।