এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানকে সহায়তার অভিযোগে ‘এম/টি টিফানি’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২০ এপ্রিল) রাতে পেন্টাগনের (বর্তমান ট্রাম্প প্রশাসন যার নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়) নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করা এবং ইরানকে সহায়তা প্রদানকারী জাহাজগুলোর চলাচল বন্ধ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ইরানকে কোনো ধরনের মালামাল বা সহায়তা পৌঁছে দিচ্ছে—এমন অবৈধ নেটওয়ার্ক ও নিষিদ্ধ জাহাজ শনাক্ত করতে তারা বিশ্বজুড়ে নজরদারি চালাচ্ছে।
এতে আরও স্পষ্ট করে বলা হয়, বিশ্বের যেকোনো স্থানে এমন জাহাজ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের দাবি, এই অভিযান ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কৌশলের অংশ।
সূত্র: আলজাজিরা।