সোমবার, 21 সেপ্টেম্বর 2026
সকল বিভাগ

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতা হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতা হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় টায়ার ও বাঁশ-কাঠে আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় খুন হন ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ। ৩৫ বছর বয়সী বুলবুল শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। সালেহনগরসহ বন্দরের এই এলাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।

বুলবুল ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। তাঁর রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ।

মাছুম বিল্লাহর দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় তিনি মামলা করেন। মামলায় স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা শেখ সিফাত ও তার বাহিনীর সদস্যদের আসামি করা হয়।

তার অভিযোগ, ওই মামলার জের ধরে সালেহনগর এলাকায় শেখ সিফাত ও তার সহযোগীরা বুলবুলের ওপর হামলা চালায়।

এদিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত শেখ সিফাতসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

তবে এ ঘটনায় থানায় এখনো হত্যা মামলা দায়ের হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।