নানা জল্পনা ও আলোচনার পর আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী জোট তাদের আসন বণ্টনের ঘোষণা দিলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটভুক্তি এখনও চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলভিত্তিক আসনসংখ্যা তুলে ধরে ১১ দলীয় জোট। তবে ওই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,
‘আসন্ন নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এর আগে এতগুলো দল মিলে এতবড় জোট গঠন হয়নি। আজকের এই ঐক্য একটি মডেল হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।’
ঘোষণা অনুযায়ী, ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটের ব্যানারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দেবে।
জুলাই গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিদ্বন্দ্বিতা করবে ৩০টি আসনে। বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী দেবে ২০টি আসনে।
জোটের অন্য শরিকদের মধ্যে খেলাফত মজলিস পাবে ১০টি আসন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে। যদিও বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জোটে থাকলেও তাদের জন্য নির্ধারিত আসনের সংখ্যা এদিন জানানো হয়নি।
এদিকে, জোটের বহুল আলোচিত শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন সংরক্ষিত রাখা হয়েছে বলে জানানো হয়।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, আসন সমঝোতা নিয়ে তাদের অবস্থান এখনও চূড়ান্ত নয়। দলটি ঘোষণা দিয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় ‘নির্বাচনী সমঝোতা বিষয়ে’ একটি সংবাদ সম্মেলনে তারা এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবে।