বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ইসরাইলে খ্রিস্টানদের ওপর হামলায় ক্ষুব্ধ ফ্রান্স

জেরুজালেমসহ ইসরাইলের বিভিন্ন এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স। ঘটনাগুলোকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করে কঠোর অবস্থান নিয়েছে দেশটি।

ইসরাইলে খ্রিস্টানদের ওপর হামলায় ক্ষুব্ধ ফ্রান্স
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট। ছবি: সংগৃহীত

জেরুজালেমসহ ইসরাইলের বিভিন্ন এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স। ঘটনাগুলোকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করে কঠোর অবস্থান নিয়েছে দেশটি।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এক বিবৃতিতে জানান, এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ফ্রান্স তা সহ্য করবে না। তিনি বর্তমান পরিস্থিতিকে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেন।

তিনি বিশেষভাবে পশ্চিম জেরুজালেমে এক ফরাসি ক্যাথলিক সন্ন্যাসিনীর (নান) ওপর হওয়া সাম্প্রতিক হামলার কথা তুলে ধরেন, যা বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসরাইলি পুলিশ প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ওই সন্ন্যাসিনীকে অনুসরণ করে এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এরপর হামলাকারী কিছু দূরে গিয়ে আবার ফিরে এসে মাটিতে পড়ে থাকা অবস্থায় তাকে লাথি মারেন।

ঘটনার নিন্দা জানিয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার ঘটনায় জড়িত মূল সন্দেহভাজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে শুধু গ্রেপ্তার নয়, এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা যায়।

তিনি আহত সন্ন্যাসিনীর প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি ফ্রান্স সরকার তাদের নাগরিকদের পাশে রয়েছে উল্লেখ করে পবিত্র ভূমিতে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

সূত্র: আলজাজিরা।