জামালপুর সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় বিপুল পরিমাণ পেট্রোলসহ সাতজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (২৫ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার কালিবাড়ী বাজার এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তিরা হলেন— মেলান্দহ উপজেলার তেলিপাড়া গ্রামের হাকিম মিয়া (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার ফুল মিয়া (৩৮), হাফিজুর রহমান (৪০), মো. শাহ জামাল (৫০), মো. মারুফ হোসেন (২৪), মো. জুগলু মিয়া (৪৪) ও মো. জহুরুল ইসলাম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে কয়েকটি যানে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। এসময় স্থানীয়রা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ পেট্রোলের সন্ধান পায়। অবৈধভাবে এই জ্বালানি তেল পাচারের অভিযোগে উপস্থিত জনতা ওই সাতজনকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মিজানুর রহমান জানান, স্থানীয়রা সাতজনকে তেলের ড্রামসহ আটকে রেখেছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।