রবিবার (২১ জুন) দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে শনিবার (২০ জুন) বিকেলে জামালপুর - বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বকশীগঞ্জ পাখিমারা এলাকায়এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) ও পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি-১ এর সদস্যরা ২০ জুন শনিবার বিকালে জামালপুর- বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বকশীগঞ্জ পাখিমারা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিদেশী মদ বহনের সময় ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৯০ বোতল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। গ্রেফতাররা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন জেলায় পাচার করতো বলে জানায় ডিবি-১।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা জানান বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মাদক নিয়ে এসে জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করে আসছিলো।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে ওই দু'জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন- মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।