শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।

জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৪ জুন) দুপুরে শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সনাক জামালপুরের সভাপতি শামীম খানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন জামালপুরের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিমল ডি কস্তা, উন্নয়ন সংঘের প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম, সনাক সদস্য মনোয়ারা খানম, রফিকুজ্জামান মল্লিক, শর্মী চৌধুরী, আসমাউল আসিফ এবং টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. আরিফ হোসেনসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, কম মজুরিতে শ্রম নেওয়ার সুযোগ থাকায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের যুক্ত করা হচ্ছে। কলকারখানা, ওয়ার্কশপ, রেস্টুরেন্ট এবং গৃহস্থালির নানা কাজে শিশুদের নিয়োজিত করার প্রবণতা রয়েছে। এসব কাজে যুক্ত হয়ে শিশুরা শারীরিক ঝুঁকির পাশাপাশি মানসিক ক্ষতিরও শিকার হচ্ছে।

বক্তারা আরও বলেন, শিশুশ্রম শিশুদের স্বাভাবিক শৈশব, শিক্ষা গ্রহণের সুযোগ এবং নিরাপদ ভবিষ্যৎ থেকে বঞ্চিত করে। তাই শিশুশ্রম বন্ধে বিদ্যমান আইন কার্যকর করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে এবং প্রাপ্তবয়স্কদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে শিশুশ্রমের বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন। একই সঙ্গে শিশুশ্রম প্রতিরোধে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।