সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

জামালপুরে কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

জামালপুর জেলা কারাগারের অন্তরীণ থাকা কৃষিবিদ জিয়াউল হক জিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বিলুপ্ত ঘোষিত জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। বুধবার দুপুরে জামালপুর জেলা কারাগারের সুপার মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জামালপুরে কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু
ছবিঃ সংগৃহীত

জামালপুর জেলা কারাগারের অন্তরীণ থাকা কৃষিবিদ জিয়াউল হক জিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বিলুপ্ত ঘোষিত জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। বুধবার দুপুরে জামালপুর জেলা কারাগারের সুপার মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কারা সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার হন জিয়াউল হক জিয়া। এরপর থেকেই তিনি জামালপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, জিয়াউল হক জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুরের খাবার শেষ করার পর তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বিকেল ৫টা পর্যন্ত সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পরপরই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ময়মনসিংহে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে নিহতের ছেলে জাকিউর রাফিদ নাফি জানান, তিনি নিজেও সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শয্যাশায়ী। বাবার মৃত্যুর খবর শোনার পর তার বোন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, যার ফলে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।