শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জামায়াত-শিবির তৌহিদী জনতার ব্যানারে শাহ আলী মাজারে হামলা

রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (র.) মাজার-এ হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাতে একদল লোক তৌহিদী জনতার ব্যানারে স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে মাজারে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জামায়াত-শিবির তৌহিদী জনতার ব্যানারে শাহ আলী মাজারে হামলা

রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (র.) মাজার-এ হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাতে একদল লোক তৌহিদী জনতার ব্যানারে স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে মাজারে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ১০টার পর প্রায় ৭০ থেকে ৮০ জনের একটি দল মাজারে ঢোকে। তাদের হাতে লাঠি ও পাইপ ছিল। হামলাকারীদের মধ্যে টুপি-পাঞ্জাবি পরা এক তরুণকে তৌহিদী জনতার নামে স্লোগান দিতে দেখা যায়। পরে জড়ো হওয়া লোকজনকে হামলার নির্দেশ দিলে তারা মাজারের ভেতরে থাকা মুরিদ ও জিয়ারতকারীদের মারধর করে বের করে দেয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, মাজারসংলগ্ন একটি স্থানে নিয়মিত নামাজ আদায় করা হয়। সেখানে কিছু ব্যক্তির আড্ডা দেওয়া এবং মাজারের পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কিছু কর্মী এ হামলায় অংশ নেয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রের দাবি। তবে শুক্রবার বিকেল পর্যন্ত মাজার কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ দেয়নি।

ঢাকা মহানগর পুলিশ-এর মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, মাজার কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে। তিনি বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি হাতে মাজারে থাকা লোকজনকে মারধর করে সরিয়ে দিচ্ছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলার সময় এক মধ্যবয়সী ব্যক্তিকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করে বের করে আনতে দেখা যায়। তবে পুরো ঘটনায় কোনো পুলিশ সদস্যকে উপস্থিত দেখা যায়নি বলে দাবি তাদের।

অন্যদিকে, শাহ আলী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, ‘মাজারে কোনো হামলার ঘটনা ঘটেনি। সেখানে গত রাতে রওজার পাশে কয়েক জন বহিরাগত নারী-পুরুষ মাদক সেবন করছিল। স্থানীয়রা দেখে তাদের বের করে দেয়।’

ডিএমপি দারুসসালাম জোন-এর সহকারী কমিশনার এমদাদ হোসেন বলেন, মাজার প্রাঙ্গণে মাদক বিক্রি ও সেবন বন্ধে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অভিযান চালিয়েছে। তিনি আরও জানান, গত সপ্তাহেও স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল।

এ বিষয়ে আবারও মোস্তাক সরকার বলেন, কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।