শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জন্মান্ধ পরিবারে আলো ফেরাতে এমপি নাসেরের বিশেষ উদ্যোগ

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ বদলে দিল একটি অসহায় পরিবারের বাস্তবতা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের দুর্বিষহ জীবনযাপনের খবর প্রকাশের পর তাদের সহায়তায় এগিয়ে এসেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

জানা গেছে, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের ওই পরিবারের দুর্দশার খবর লন্ডনে অবস্থানকালে গণমাধ্যমের মাধ্যমে জানতে পারেন এমপি নাসের রহমান। বিষয়টি জানার পরই তিনি তার ব্যক্তিগত সহকারী ও স্থানীয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। দেশে ফেরার পর শনিবার তিনি সরাসরি পরিবারটির বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন।

পরিবারটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দৈনন্দিন জীবনসংগ্রাম, চিকিৎসাসংক্রান্ত সমস্যা এবং আবাসন পরিস্থিতির বিষয়ে খোঁজ নেন সংসদ সদস্য। পরে তিনি পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।

পরিদর্শনকালে এম নাসের রহমান জানান, তার উদ্যোগে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে পরিবারের তিন সদস্যের সফল চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ও দুইজন শিশু রয়েছেন। অস্ত্রোপচারের পর তারা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।

তিনি আরও জানান, পরিবারের বাকি সদস্যদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পরিবারটিকে সরকারি প্রতিবন্ধী ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা এবং তাদের চলাচলের রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবন্ধী পরিবারের সদস্যদের উদ্দেশে সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, "আপনাদের কষ্টের কথা জানতে পেরে আমি চুপ করে থাকতে পারিনি। লন্ডনে থাকা অবস্থায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। দেশে ফিরে সবার আগে আপনাদের খোঁজখবর নিতে এসেছি। আপনাদের পাশে আমি আছি, ভবিষ্যতেও থাকব।"