জয়পুরহাটের আক্কেলপুরে এক বিএনপি নেতার ‘ইয়াবা সেবনের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানকে ঘিরে ভিডিওটি ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা দাবি করেছেন।
ভাইরাল হওয়া ৫১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গোপীনাথপুর হাট অফিসের একটি কক্ষে কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে এক ব্যক্তি আগুনের তাপে একটি যন্ত্র ব্যবহার করে পাইপের মাধ্যমে কোনো পদার্থ গ্রহণ করছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের একটি অংশ দাবি করেন, ভিডিওতে থাকা ব্যক্তি গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এবং তিনি ইয়াবা সেবন করছিলেন। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে এবং সেখানে থাকা অন্য ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা বলেন, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কর্মকাণ্ড কোনোর নেতা-কর্মী ঘটালে দল তার দায়ভার নিবে না। ভিডিওটির বিষয়ে আমি জেলার নেতাদের সাথে আলোচনা করেছি, মঙ্গলবার আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতির সাথে আলোচনা করে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ভিডিওটির বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যে আলোচনা চলছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।