কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের একজন সাভারের আমিনবাজারের আহম্মেদ বাবু (৩৭)। কসমেটিকস ব্যবসার কাজে কলকাতায় যাওয়া বাবুর বুধবারই দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই অগ্নিকাণ্ডে প্রাণ হারান তিনি।
আহম্মেদ বাবু আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার মৃত আদম আলীর ছেলে। আমিনবাজার জমিদার মার্কেটে ‘কিউট কসমেটিকস’ নামে তার একটি দোকান রয়েছে। ব্যবসার পণ্য কিনতে তিনি মাঝেমধ্যে কলকাতায় যেতেন।
পরিবারের সদস্যরা জানান, সর্বশেষ গত ১৭ আগস্ট কসমেটিকস কেনার উদ্দেশ্যে কলকাতায় যান বাবু। বুধবার তাঁর দেশে ফেরার কথা ছিল।
চার ভাইয়ের মধ্যে সবার ছোট বাবু আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার শিকদার পাড়ায় নিজেদের চারতলা বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর ১২ বছর বয়সী মেয়ে রোজা এবং ছয় বছর বয়সী ছেলে ছোয়াদ রয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে বাবুর বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজন ও প্রতিবেশীদের ভিড়ে সেখানে শোকের আবহ তৈরি হয়েছে। খবর পাওয়ার পর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে ছুটে আসেন স্থানীয়রা। বাবুর মা ও স্ত্রী দুই সন্তানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
বাবুর বড় ভাই মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, ‘গতকাল বাবুর সঙ্গে কথা হয়েছিল। আজ ওর দেশে ফেরার কথা ছিল। কিন্তু সকাল ১১টার দিকে একজন ফোন করে জানান, আমার ভাই কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে মারা গেছে।’
তিনি বলেন, ‘প্রথমে তার কথা বিশ্বাস হচ্ছিল না। পরে সাংবাদিকদের পাঠানো ছবি দেখে নিশ্চিত হই, আমার ভাই আর নেই।’
আহম্মেদ বাবুর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তাঁর বড় ভাই মোহাম্মদ আলী।