লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচশত মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী প্রদান করেছে মরহুম মাহবুব-উল-আলম স্মৃতি ফাউন্ডেশন। সোমবার উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস আশরেফা জামানের সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুলের। তবে শারীরিক অসুস্থতাবশত তিনি অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে না পারায় একটি লিখিত বার্তা পাঠান। এমপি তার বার্তায় উল্লেখ করেন, অনগ্রসর সমাজকে বদলে দিতে শিক্ষার কোনো বিকল্প নেই। মরহুম মাহাবুব-উল-আলম এই জনপদে শিক্ষা বিস্তারে ও বহু প্রতিষ্ঠান গড়তে জীবনভর কাজ করে গেছেন। তার স্মরণে ফাউন্ডেশনের এই শিক্ষাবান্ধব প্রচেষ্টাকে তিনি স্বাগত জানান এবং শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ নিতে নিজেদের যোগ্য হিসেবে প্রস্তুত করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতে ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এমন জনহিতকর কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবিদা খাতুন এবং দইখাওয়া আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাপারহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম, শামসুদ্দিন-কমরউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ, চাপারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতেন্দ্রনাথ সিংহ ও চাপারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ, খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।