১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যার স্মৃতি বহন করে রাজধানীতে আবারও আয়োজন করা হলো ‘লালযাত্রা’। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো এবারও এই কর্মসূচির আয়োজন করে প্রাচ্যনাট।
বিকেল সাড়ে ৪টায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ফুলার রোডের স্মৃতি চিরন্তন পর্যন্ত অগ্রসর হয়।
লাল পোশাকে সজ্জিত নাট্যকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এই পথযাত্রা নগরজুড়ে সৃষ্টি করে ভিন্নধর্মী আবহ।
আয়োজকদের ভাষ্য, ২৫ মার্চের গণহত্যায় শহীদদের স্মরণ এবং বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের সঙ্গে সংহতি প্রকাশের লক্ষ্যেই এই ‘লালযাত্রা’। শহীদদের রক্ত ও আত্মত্যাগের প্রতীক হিসেবে ব্যবহৃত লাল রং এখানে শোক ও প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে।
২০১১ সাল থেকে নিয়মিতভাবে এই আয়োজন করে আসছে প্রাচ্যনাট। কালরাত্রির প্রাক্কালে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস, গণহত্যার ভয়াবহতা এবং ন্যায়বিচারের দাবি তুলে ধরা হয়।