খাগড়াছড়ির পানছড়িতে ভোরবেলায় সশস্ত্র হামলায় মো. ইমন হোসেন (২৫) নামে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এবং রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন ইমন। এ সময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।
ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ি সংগঠক অমর চাকমা দাবি করেছেন, নিহত ইমন হোসেন তাদের সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। এ ঘটনার জন্য তিনি ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করেন।
তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউপিডিএফ (প্রসীত) পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ঘটনার বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।