শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

খাল খননের এক্সকাভেটরে আগুন দিল ‘দুর্বৃত্তরা

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় নদী বা খাল সংস্কার কাজে নিয়োজিত একটি মাটি কাটার যন্ত্রে (এক্সকাভেটর) রাতের অন্ধকারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হাফছড়ি এলাকায় এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটে।

খাল খননের এক্সকাভেটরে আগুন দিল ‘দুর্বৃত্তরা
ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় নদী বা খাল সংস্কার কাজে নিয়োজিত একটি মাটি কাটার যন্ত্রে (এক্সকাভেটর) রাতের অন্ধকারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হাফছড়ি এলাকায় এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় দায়িত্বশীল সূত্র জানায়, ওই অঞ্চলে জলপ্রবাহ স্বাভাবিক রাখতে সরকারি উদ্যোগে ‘পিলাক খাল’ পুনঃখননের কাজ চলছিল। গত ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই খনন কার্যক্রমের সূচনা হয় এবং ইতিমধ্যে খালের একটি বড় অংশের খনন সম্পন্ন হয়েছে। তবে চলমান কাজের মধ্যেই বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে খননকাজে ব্যবহৃত মূল্যবান এক্সকাভেটরটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে যন্ত্রটি পুরোপুরি পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাফছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তথা পিলাক খাল খনন কমিটির সভাপতি অংগ্যজয় মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এসে এক্সকাভেটরটিতে আগুন লাগিয়ে দেয়। পরের দিন শুক্রবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

ঘটনার পর শুক্রবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি গণমাধ্যমকে জানান, উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত অপরাধের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন ও অগ্নিসংযোগের এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। অপরাধীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ পরিচালনা করছে।