মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমুখ ইউনিয়নে "ওপেন হাউস ডে" রবিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার মডেল থানার আয়োজনে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা।
বক্তারা বলেন, শেরপুরে মাদক চোরাচালান চক্রের সাথে সহযোগিতাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে।
এদিকে জনপ্রতিনিধিগণ জেলা প্রশাসকের নিকট জানান, উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তাররা দায়িত্বে অবহেলা করেন এবং চিকিৎসা সেবার মতো গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করেন না। এছাড়া তাঁরা শাখা বরাক নদী খননের বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
মিজানুর রহমান মিজান তাঁর বক্তব্যে নদী খননের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন এবং বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে; সে যেই দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য মো. ইলিয়াছ মিয়া, ফতেহপুর মাদ্রাসার সুপার মাওলানা মুহিত উদ্দিন, কাটারাই দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুর রহমান, বিএনপি নেতা শাহাবুদ্দিন আহমেদ, ইউপি সদস্য জুনাইদ আহমেদ, সমাজসেবক জাহাঙ্গীর আলম সুনু, ইউপি যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন সদস্য, মহিলা সদস্য, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।