বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

খুলনায় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, আহত ৪

খুলনায় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

খুলনায় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, আহত ৪
ছবিঃ সংগৃহীত

খুলনায় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার বিকেল পৌনে ৫টার দিকে খানজাহান আলী থানার মশিয়ালী মাঠ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে এই সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন সানি (২৫), আইমুল দিপু (২৩), অমিত (২৫) এবং আরও একজন অজ্ঞাতপরিচয় তরুণ।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বিকেলে মশিয়ালী মাঠে ক্রিকেটের অনুশীলন শেষ করে ওই চারজন আরোহী গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে প্রাইভেটকারের কাঁচ কালো থাকায় চালক ও আরোহীরা পাশ দিয়ে ট্রেন আসার বিষয়টি আগে থেকে টের পাননি। ফলে রেললাইন অতিক্রম করার সময় দ্রুতগতির সুন্দরবন এক্সপ্রেস গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়, এতে যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মূলত গাড়ির গ্লাস কালো হওয়ার কারণে চালক ট্রেনটি দেখতে পাননি, যা এই দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।