পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাগভর্তি নগদ ৫০ লাখ টাকাসহ পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে কোস্টগার্ড। আটক ব্যক্তি রেজাউল করিম ওরফে কাজল মৃধা (৪০), যিনি কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করা হলেও কাজল মৃধার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়েছেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।