শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

কৃষকরাই আমাদের মূল চালিকা শক্তি: পিনাক চৌধুরী

দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, দেশের মানুষের খাদ্যের জোগান দিতে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙা পরিশ্রম করেন। তারাই আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষকদের এই অবদানকে স্বীকৃতি দিতে ও তাদের উৎসাহিত করতেই সরকার প্রতি বছর কৃষি প্রণোদনা প্রদান করে থাকে।

কৃষকরাই আমাদের মূল চালিকা শক্তি: পিনাক চৌধুরী
ছবিঃ সংগৃহীত

দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, দেশের মানুষের খাদ্যের জোগান দিতে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙা পরিশ্রম করেন। তারাই আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষকদের এই অবদানকে স্বীকৃতি দিতে ও তাদের উৎসাহিত করতেই সরকার প্রতি বছর কৃষি প্রণোদনা প্রদান করে থাকে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খরিপ-১/ ২০২৫-২৬ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রায় ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান ও পাটের বীজ এবং রাসায়নিক সার বিতরণের এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

বক্তব্যে সংসদ সদস্য পিনাক আরও বলেন, "আমাদের দেশ এখনো উন্নয়নশীল পর্যায়ে রয়েছে, তাই কিছু সমস্যা থাকবেই। তবে আমাদের ধৈর্য ধরে সব প্রতিকূলতা মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে।" বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ যুদ্ধ পরিস্থিতির অজুহাত দেখিয়ে কৃত্রিমভাবে ডিজেল সংকট সৃষ্টির চেষ্টা করে, তবে প্রশাসন তা কঠোর হাতে দমন করবে।

উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন সাহা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন এবং বিএনপি নেতা সেকেন্দার আলীসহ স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।