শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

“ক্ষমতায় গেলে পদ্মা ব্যারাজ, কৃষি ও ভোকেশনাল শিক্ষায় বিনিয়োগ হবে”—তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে নির্বাচনি জনসভায় ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণসহ দেশের কৃষি ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য উদ্যোগ নেবে দলটি।

“ক্ষমতায় গেলে পদ্মা ব্যারাজ, কৃষি ও ভোকেশনাল শিক্ষায় বিনিয়োগ হবে”—তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে নির্বাচনি জনসভায় ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণসহ দেশের কৃষি ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য উদ্যোগ নেবে দলটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পদ্মা নদীতে পানি নেই। অনেক মানুষ থাকলেও কর্মসংস্থান নেই। আমরা বরেন্দ্র আঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু করতে চাই, খাল-বিল খনন ও পদ্মা নদীর খনন কাজ করতে চাই। পদ্মা ব্যারাজের নির্মাণেও হাত দিতে চাই।”

তারেক রহমান আরও বলেন, “আমরা আইসিইউ, বিশেষায়িত হাসপাতাল এবং আইটি পার্কসহ ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তুলব। শুধু শিক্ষিত করলে হবে না, মানুষকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।”

তিনি কৃষি ও শিল্পায়ন বিষয়ে বলেন, “আমার পরিকল্পনা কৃষিনির্ভর শিল্প গড়ে তোলা। মিল-ফ্যাক্টরি স্থাপন করতে হবে। কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।”

বিএনপি চেয়ারম্যান শান্তি ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, “আমরা শান্তিতে বিশ্বাস করি। কোনো ঝগড়া বা বিবাদের মধ্যে যেতে চাই না। অন্তর্বর্তী সরকারকে বলব, যেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঠিক তদন্ত করতে হবে। বিএনপির কোনো ভূমিকা থাকলেও আমরা সহায়তা করব।”

তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “যদি জনগণ ১২ তারিখ সচেতন ও সজাগ থাকে, তাহলে ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন।”

এদিন রাজশাহী পৌঁছানোর পর দুপুর দেড়টার দিকে তিনি হযরত শাহ মখদুমের (রহ.) মাজার জিয়ারত করেন। এর আগে দুপুর ১২টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। মাজার জিয়ারতের পর তিনি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেন।