শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

কুমিল্লায় পুকুরে মাটি কাটার সময় গ্রেনেড উদ্ধার

কুমিল্লার লাকসাম উপজেলায় পুকুর খননের সময় উদ্ধার হওয়া একটি গ্রেনেড নিরাপদে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল।

কুমিল্লায় পুকুরে মাটি কাটার সময় গ্রেনেড উদ্ধার
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার লাকসাম উপজেলায় পুকুর খননের সময় উদ্ধার হওয়া একটি গ্রেনেড নিরাপদে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল।

মঙ্গলবার বিকেলে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি ধ্বংস করেন। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার উপজেলা পরিষদের পুকুর থেকে মাটি খনন করে পার্শ্ববর্তী একটি কিন্ডারগার্টেন স্কুলের মাঠ ভরাটের কাজ চলছিল। মাটি ফেলার পর শ্রমিকরা হঠাৎ সেখানে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পরীক্ষার পর বস্তুটিকে গ্রেনেড হিসেবে শনাক্ত করে এবং সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলকে অবহিত করে।

খবর পেয়ে ঢাকা থেকে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ দল মঙ্গলবার লাকসামে পৌঁছায়। তারা বিকেল নাগাদ গ্রেনেডটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করার কাজ সফলভাবে সম্পন্ন করে। এরপর জননিরাপত্তার স্বার্থে ওই পুকুর সংলগ্ন এলাকায় আরও কোনো বিস্ফোরক আছে কি না, তা নিশ্চিতে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে সেখানে নতুন করে আর কোনো বিপজ্জনক বস্তুর অস্তিত্ব পাওয়া যায়নি।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা এই বিষয়ে জানান, উদ্ধার হওয়া গ্রেনেডটি বেশ পুরনো। এটি সম্ভবত মহান মুক্তিযুদ্ধের সময়কালের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং ওই এলাকায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।